২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে ৬ দিন পর দোকানির লাশ উদ্ধার

ঢাকার কেরাণীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর এক পোশাক বিক্রেতা দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 12:27 AM

Updated : 20 Aug 2022, 01:37 PM

সোমবার বিকালে নরুণ্ডি এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে লাশটি পাওয়া যায় বলে জানান কেরাণীগঞ্জ মডেল থানার এসআই আমিনুল ইসলাম।

নিহত মো. বাছের রনি (৩৫) উপজেলার জিনজিরা ইউনিয়নের মডেল টাউন এলাকার আব্দুল বারেকের ছেলে।

পরিবারের বরাত দিয়ে এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। সোমবার বিকালে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

“নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

নিহত রনির বাবা আব্দুল বারেক সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি দেখিয়ে হত্যা মামলা করেছেন বলে তিনি জানান।

ওসি ফেরদাউস হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ‘তদন্তের স্বার্থে’ আসামিদের নাম প্রকাশ করেনি।

লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।