হবিগঞ্জে পুকুর থেকে উদ্ধার ৪ শিশুকে মৃত ঘোষণা
হবিগঞ্জে পৃথক পুকুর থেকে যমজ দুইজনসহ চার শিশুকে উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নির্ঝর ভট্টাচার্য্য।
চার শিশু হল সদর উপজেলার বগলা খাল গ্রামের মৌলদ মিয়ার ছেলে রুকন মিয়া (৮) ও শায়েস্তানগর এলাকার বাবুল মিয়ার মেয়ে তানিয়া আক্তার (১২) এবং নবীগঞ্জ উপজেলার গন্ধ্যা ছালামতপুর রোডের বিলাল মিয়ার আড়াই বছর বয়সী দুই যমজ মেয়ে মারুফা ও মারিয়া।
নিহত শিশুদের আত্মীয়-স্বজনের বরাত দিয়ে চিকিৎসক নির্ঝর বলেন, বিকালে বৃষ্টির পর শিশুদের বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তার স্বজন ও স্থানীয়রা।
“শিশুদের পেটে অতিরিক্ত পানি প্রবেশের কারণে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।”
