রাবিতে ভর্তির আবেদনে যোগ্যতা পুনর্নির্ধারণ
অধিক শিক্ষার্থীকে প্রতিযোগিতায় সুযোগ দেওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের যোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছর যে যোগ্যতা বাড়ানো হয়েছিল সেটা কমানো হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে প্রতিযোগিতা বৃদ্ধি জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম জানান, ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ভর্তির আবেদন শুরু হবে, চলবে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষা ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানান তিনি।
এছাড়া ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- (ru.ac.bd) পাওয়া যাবে।
মানবিক শাখায় এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে, যা আগে ছিল ৭.৫০। বাণিজ্যের শিক্ষার্থীরা ৭.৫০ জিপিএ নিয়ে আবেদন করতে পারবে, যা আগে ছিল ৮.০০। আর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ৮.০০ পেতে হবে, যা আগে ছিল ৮.৫০।
