ঝিনাইদহে জামায়াত-শিবিরের কর্মীসহ গ্রেপ্তার ৩৬
ঝিনাইদহে ‘নাশকতা প্রতিরোধে’ জামায়াত-শিবিরের ছয় কর্মীসহ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, নাশকতা প্রতিরোধে চালানো এ অভিযানে জামায়াতে ইসলামীর দুই নারী কর্মীও রয়েছেন।
ঝিনাইদহ সদর থেকে জামায়াত কর্মী মো. আকতারুজ্জামান, সালমা আক্তার ও সোহেলী, কোটচাঁদপুর থেকে রবিউল ইসলাম এবং শৈলকুপা থেকে সাহেদ আলি ও মহেশপুর থেকে রবিউল ইসলামকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক বাকি ৩০ জনকে জেলার অন্যান্য স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
