২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া থেকে ফেরতের পর কারাগারে

মালয়েশিয়ায় আটকের পর ফেরত পাঠানো এক ব‌্যক্তিকে ফেনীতে এনে কারাগারে পাঠানো হয়েছে। 

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 11:30 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

পেয়ার আহমেদ আকাশ নামে ওই ব‌্যক্তি আলোচিত ১০ ট্রাক অস্ত্র থেকে ‘খোয়া যাওয়া কয়েকটি এ কে-৪৭ রাইফেল বিক্রির সময়’ র‌্যাবের হাতে আটক হয়েছিলেন।

পরে জামিনে ছাড়া পেয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। শনিবার তাকে ফেরত পাঠানো হয়।

রোববার বিকালে ফেনীর একটি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান দাগনভূঁঞা থানার ওসি আসলাম উদ্দিন।

তিনি বলেন, শুক্রবার মালয়েশিয়ার মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আকাশকে দেশে পাঠানো হয়। এরপর তাকে দাগনভূঁঞা থানায় আনা হয়।

ওসি বলেন, গত ১৯ অগাস্ট মালয়েশিয়ার পুচংয়ের একটি বাসা থেকে আকাশকে আটক করে সে দেশের পুলিশ। এর আগে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেও মালয়েশিয়ার পুলিশ তাকে একবার আটক করেছিল।

“দাগনভূঁঞা থানায় দুটি অস্ত্র মামলায় পলাতক আসামি আকাশ। চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র থেকে খোয়া যাওয়া কয়েকটি একে-৪৭ রাইফেল বিক্রির সময় ২০০৫ সালের ১৮ সেপ্টেম্বর ফেনীতে র‌্যাবের হাতে আকাশসহ তিনজন আটক হন। পরে জামিন পেয়ে পালিয়ে মালয়েশিয়া যান।”

ওসি বলেন, ইন্টারপোলের হুলিয়া মাথায় নিয়ে মালয়েশিয়া গিয়ে আকাশ ‘জামায়াত-শিবিরের রাজনীতিতে’ যুক্ত হন।

ফেনীর দাগনভূঁঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের বাসিন্দা আকাশ ১৯৯৩ সালে শহরের শাহীন একাডেমী থেকে এসএসসি পাস করেন বলে জানান ওসি আসলাম।