২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিকাশকর্মীকে গুলি, ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঢাকার সাভার উপজেলায় দুই বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত এক মাসে সাভারে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটল।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 08:25 PM

Updated : 12 Apr 2022, 02:49 AM

রোববার বিকালে উপজেলার আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গুলিবিদ্ধ শুভর মামা আদিল হোসেন।

গুলিবিদ্ধ শুভ (২৭) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের নজরুল ইসলামের ছেলে। জাহাঙ্গীর আলম (৩২) বগুড়ার লোকমান হোসেনের ছেলে। দুইজনেরই ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে।

শুভর মামা আদিল বলেন, শুভ ও জাহাঙ্গীর মোটরসাইকেলে করে এজেন্টদের কাছ থেকে টাকা তুলে আশুলিয়ার বিকাশ অফিসে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত গতিরোধ করে।

“তারা বাধা দিলে দুইজনের ডান পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”

যাওয়ার সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে বলে তিনি জানান।

তিনি বলেন, স্থানীয়রা তাদের নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে সেখানে তাদের রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এফ এম সায়েদ বলেন, খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুর্বৃত্তদের ধরতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালোনো হচ্ছে বলে তিনি জানান।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে গত ২৯ অগাস্ট গ্রামীণ ব্যাংকের কালিয়াকৈর শাখার উপ-ব্যবস্থাপক ইসমাইল হোসেন কবিরপুর এলাকার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কেন্দ্র থেকে ক্ষুদ্রঋণের টাকা তুলে ফেরার পথে কবিরপুর বাজারের কাছে পাঁচ ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোটরসাইকেল নিয়ে পালানোর সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এছাড়া গত ১০ অগাস্ট দুপুরে সাভার পৌর এলাকার সোবাহানবাগ মহল্লায় বিকাশকর্মী মো. মনিরুজ্জামানকে গুলি করে প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

একের পর এক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ ছিনতাই হওয়া টাকা উদ্ধার কিংবা ছিনতাইকারীকে আটক করতে পারেনি।

পুরনো খবর:

ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই চেষ্টা
আশুলিয়ায় বিকাশকর্মীকে গুলি করে ৪ লাখ টাকা ‘ছিনতাই’