২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই চেষ্টা

ঢাকার আশুলিয়ায় এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোটরসাইকেল ছিনতাই চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2016, 06:19 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাভারের আশুলিয়ার কবিরপুরে এ ঘটনা ঘটে।

আহত ইসমাইল হোসেন গ্রামীণ ব্যাংকের কালিয়াকৈর শাখার উপ-ব্যবস্থাপক। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক সুমন (২৭) গাজীপুর সদরের হাবিবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কবিরপুর এলাকার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কেন্দ্র থেকে ইসমাইল ক্ষুদ্র ঋণের টাকা উত্তোলন করে মোটরসাইকেলে ফিরছিলেন ইসমাইল।

“মহাসড়কের কবিরপুর বাজারে দুটি মোটরসাইকেলে আসা পাচঁ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে তাকে ছরিকাঘাত করে টাকা ও মোটরসাইকেল নিয়ে পালানোর সময় তার চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে সুমন নামের এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয়।”

ওই সময় অন্যরা পালিয়ে যায় বলে জানান আকবর আলী।

তিনি বলেন, পরে স্থানীয়রা আহত ওই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকার ব্যাগ ও তার ব্যবহৃত মোটরসাইকেল নিতে পারেনি।

গ্রামীণ ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোতাহার হোসেন জানান, গ্রামীণ ব্যাংকের কালিয়াকৈর শাখায় কর্মরত ইসমাইল হোসেন প্রতি সোমবার কবিরপুর এলাকায় ক্ষুদ্র ঋণের টাকা উত্তোলন করতে আসেন।

“টাকা নিয়ে ফেরার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। তবে ছিনতাইকারীরা টাকা নিতে পারেনি।”