২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে তরুণীকে দলবেঁধে ‘ধর্ষণ’, ভিডিও ধারণ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে তরুণীকে দলবেঁধে ধর্ষণের পর ভিডিওচিত্র ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 07:45 PM

Updated : 12 Apr 2022, 02:49 AM

শনিবার বিকালে উপজেলার ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ আল-মামুন জানান।

গ্রেপ্তাররা হলেন- সাজ্জাদ হোসেন, মো. আরিফ (২০) ও মো. নাসির (২৪)।

এদের মধ‌্যে আলফা বলপেন কারখানার কর্মী সাজ্জাদকে ওই তরুণীর ‘কথিত প্রেমিক’ বলেছে পুলিশ।

তার বাড়ি মাগুরায়; থাকতেন দক্ষিণ কেরানীগঞ্জের একটি ভাড়া বাড়িতে। রোববার রাতে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরিফ ও নাসির রাজধানীর কদমতলী এলাকার এক বাসায় ভাড়া থাকেন। ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ধর্ষণের শিকার ওই তরুণীর বরাত দিয়ে পরিদর্শক সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে মেয়েটি সাজ্জাদের সঙ্গে ঝিলমিল আবাসিক এলাকায় বেড়াতে যায়। পরে সাজ্জাদ মোবাইল ফোনে তার তিন বন্ধু রিপন, আরিফ ও নাসিরকে ডেকে নেয়।

“তারা একটি কাশবনে নিয়ে গিয়ে চারজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে মেয়েটিকে হুমকি দেয়।”

মেয়েটি থানায় অভিযোগ দিলে ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে ভিডিওসহ আরিফ ও নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার করা হয় সাজ্জাদকে।

পরিদর্শক সাইদ জানান, ওই তরুণী চারজনকে আসামি করে মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চারজনের মধ‌্যে রিপন পলাতক; তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সাইদ।