গাজীপুরে গর্ভবতীর পেটে ‘লাথি’, ভ্রূণের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গর্ভবতীর পেটে ‘লাথি মারায়’ ভ্রূণের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পল্লিবিদ্যুৎ অফিস এলাকায় শনিবার বিকালে এ ঘটনা ঘটে বলে জানান কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া।
অভিযোগ আনা হয়েছে ওই এলাকার মহসিন হোসেনের ছেলে রিয়াদ হোসেনের বিরুদ্ধে।
ওসি মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্লিবিদ্যুৎ অফিস এলাকার আমীর হোসেন সরকারের ছেলে লোকমান হোসেনের সঙ্গে কিছুদিন ধরে তার বড় ভাই মহসিন হোসেনের পারিবারিক বিরোধ চলে আসছে।
“এর জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লোকমানের গর্ভবতী স্ত্রী সেলিনা বেগম (৩৫) তাদের থামানোর চেষ্টা করেন। এ সময় মহসিনের ছেলে রিয়াদ সেলিনার পেটে লাথি মারে।”
পরে অস্ত্রোপচারের মাধ্যমে সেলিনার মৃত সন্তানের জন্ম হয় বলে চিকিৎসকের বরাতে জানান ওসি মোতালেব।
মৃত ভ্রূণের ময়নাতদন্ত হয়েছে বলেও তিনি জানান।
