২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁও সদরে এক গৃহবধূকে আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 04:34 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

রোববার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার এসআই কমল কিশোর ঘোষ জানান।

গ্রেপ্তাররা হলেন- রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সহিদ (৩০), চিলারং ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত কাসিম উদ্দীনের ছেলে আরিফ হোসেন (৩০) ও চিলারং ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুর গফফারের ছেলে রুবেল (৩১)।

নির্যাতনের শিকার গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই গৃহবধূ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় মাস আগে রহিমানপুর ইউনিয়নের গেদীপাড়া গ্রামে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্থানীয় সহিদ বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল।

তিনি বলেন, গত সোমবার (২৯ অগাস্ট) রাত ৮টার দিকে তিনি শৌচাগারে গেলে সহিদসহ তার চার সহযোগী মুখে গামছা পেঁচিয়ে তাকে অপহরণ করে।

এরপর তাকে একটি ঘরে চারদিন আটক করে রেখে সহিদ ও তার চার সহযোগী ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি।  

তিনি বলেন, গত শুক্রবার বেলা ১২টার দিকে তাকে সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষণকারীরা।

খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বলে জানান তিনি।

ঠাকুরগাঁও সদর থানার এসআই কমল কিশোর ঘোষ জানান, এ ঘটনায় শনিবার রাতে গৃহবধূর দাদা বাদী হয়ে সহিদ ও অজ্ঞাত পরিচয় আরও চার জনকে আসামি করে থানায় দলগত ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন।  

সহিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানান এসআই কমল।