হবিগঞ্জে ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার
হবিগঞ্জে স্থানীয় বাড়ির ছাদ থেকে জাবেদ মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, রোববার সকালে শহরতলীর পোদ্দারবাড়ি এলাকার খান ম্যানশনের ছাদ থেকে জাবেদের লাশ উদ্ধার করা হয়।
জাবেদ শহরের শায়েস্তানগর এলাকার জিলু মিয়ার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই মিজানুর বলেন, সকালে খান ম্যানশনের ছাদে জাবেদের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
মিজানুর জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তবে এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করা যাবে।
জাবেদকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন তার বোন রুজিনা আক্তার।
