যশোরে দাফনের পর জানা গেল তিনি ইউপি চেয়ারম্যান
অজ্ঞাতপরিচয় হিসেবে দাফনের একদিন পর যশোরে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের লাশ শনাক্ত করা হয়েছে।তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম (৫৫)। শনিবার সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানায় এসে স্বজনরা ছবি দেখে লাশ শনাক্ত করেন।
নিহত চেয়ারম্যানের ভাতিজা শামিম রেজা সুমন সাংবাদিকদের বলেন, গত বুধবার বিকালে আবুল কাশেম ঢাকা যাওয়ার উদ্দেশে যশোর আসেন। তাকে মোটরসাইকেলে করে নিয়ে আসেন দেহরক্ষী আশিকুর রহমান।
“চাচাকে যশোরের ধর্মতলায় নামিয়ে দেন বলে জানান দেহরক্ষী আশিক। এরপর থেকে চাচার আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না।”
এ বিষয়ে শুক্রবার চৌগাছা থানায় জিডি করা হয় বলে তিনি জানান।
বৃহস্পতিবার যশোর শহরের ষষ্ঠিতলাপাড়া সুরেন্দ্রনাথ সড়কের লালের পুকুরপাড় থেকে এই চেয়ারম্যানের লাশ অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। শুক্রবার আঞ্জুমানে মুফিদুল ইসলাম বেওয়ারিশ হিসেবে যশোর শহরের ঘোপ কবরস্থানে লাশ দাফন করে।
কোতোয়ালি থানার এএসআই রুহুল আমিন বলেন, আবুল কাশেমের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বেওয়ারিশ লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন শনিবার সন্ধ্যায় থানায় আসে। তাদের সঙ্গে ছিলেন একই উপজেলার ফুলসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মেহেদি মাসুদ চৌধুরী।
তিনি সাংবাদিকদের বলেন, “নিহত আবুল কাশেমের লাশ তুলে পাশাপোলে নিয়ে ফের দাফন করতে চেয়েছেন তার স্বজরা।”
আবুল কাশেমের স্বজনরা দাবি করেন, তাকে রাজনৈতিক উদ্দেশে হত্যা করা হয়েছে।
