বগুড়ায় শিশুকে কুপিয়ে হত্যা, তরুণকে পিটিয়ে জখম
বগুড়া সদর উপজেলায় দুই বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে এক তরুণকে পিটিয়ে জখম করেছে এলাকাবাসী।
শনিবার বেলা ১১টার দিকে নামুজা ইউনিয়নের ছোট টেংরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন।
নিহত মলি (২) টেংরা গ্রামের আজিজার রহমানের ছেলে।
পিটুনিতে আহত পাপলুর (২৫) ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
পরিদর্শক আসলাম বলেন, সকালে মলি বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ করে পাপলু বাড়ির ভেতরে ঢুকে তাকে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
“তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ২টায় মৃত্যু হয়।”
অপরদিকে শিশুটিকে কোপানোর সময় তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে পাপলুকে পিটিয়ে পুলিশে দেয় বলে জানান পরিদর্শক আসলাম।
তিনি বলেন, গুরুতর আহত পাপলুকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মশিউর রহমান সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে পাপলুকে মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে।
