সাভারে ৮ হাজার কেজি সুতা ডাকাতির অভিযোগ
নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ঢাকার সাভার উপজেলায় একটি পোশাক কারখানার আট হাজার কেজি সুতাসহ ২১ লাখ টাকার মালপত্র ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে উপজেলা আশুলিয়ার জিরাবো এলাকার এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টসে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন কারখানার পরিচালক কাওছার আহম্মেদ।
তিনি বলেন, রাত আড়াইটার দিকে কারখানার নিটিং ইউনিটের মূল ফটক শাবল দিয়ে ফাঁকা করে ২০-২৫ জনের একদল সশস্ত্র ডাকাত ভেতরে ঢোকে।
“তারা নিরাপত্তাকর্মী ও নিটিং অপারেটরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ৮ হাজার ১৫০ কেজি সুতা ও আলমারি ভেঙে ৯০ হাজার টাকাসহ প্রায় ২১ লাখ টাকার মালপত্র ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।”
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সময় কারখানায় যারা ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
