কুড়িগ্রামের আগুনে পুড়ল কাপড়ের দোকান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জেনারেটর বিস্ফোরণের পর আগুন লেগে একটি কাপড়ের দোকানের মালামাল পুড়ে গেছে।
শুক্রবার উপজেলা শহরের কাজী মার্কেটে এ অগ্নিকাণ্ড হয় বলে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে ওই মার্কেটের রিপন বসুনিয়ার ‘বসুনিয়া বস্ত্রালয়ের’ ভেতরে স্থানীয়রা প্রথমে আগুনের আভা দেখতে পায়।
“কিছুক্ষণের মধ্যে দোকানের ভেতরে থাকা জেনারেটরে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে।”
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও দোকানের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি বলে গোলাম মোস্তফা জানান।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
দোকান মালিক রিপন বসুনিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে দোকানে বাড়তি মালামাল মজুদ করা ছিল। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তিনি জানাতে পারেননি।
নাগেশ্বরী বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জিন্নু বলেন, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত ব্যবসা শুরু করতে পারেন, সেজন্য সবার সহযোগিতার প্রত্যাশা করেন তিনি।
