কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও চারজন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারোমাইলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভেড়ামারা মডেল থানার ওসি নুর হোসেন।
নিহতরা হলেন সদর উপজেলার খাজানগর গ্রামের সামসের মিস্ত্রির ছেলে জলিল মাস্টার (৬৫) ও একই এলাকার চন্দ্র মিস্ত্রির ছেলে শওকত আলী (৬২)।
ওসি বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি মালবাহী ট্রাক মহাসড়কের বারোমাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
“ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।”
এ ঘটনায় অটোচালক শরিফুল ইসলাম (৩৫), যাত্রী গোলেজান বেগম (৫০) রাজিয়া খাতুন (৫০) ও খলিলুর রহমান (৫৫) গুরুতর আহত হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি।
