বগুড়ায় নিহত ‘জঙ্গি’ রিপনের লাশ নিলেন স্বজনরা
বগুড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পাঁচ দিনের সন্দেহভাজন জঙ্গি ইব্রাহিম গোলাম তারেক ওরফে রিপনের লাশ নিয়ে গেছেন স্বজনরা।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে শুক্রবার বিকালে তার লাশ বুঝে নেন মা সালমা বেগম। এ সময় রিপনের বোন সামিনা ফেরদৌস ও মামা খন্দকার সালেহ সিদ্দিক উপস্থিত ছিলেন।
এর আগে রিপনের বোন ভাইয়ের লাশ নেবেন না বলে জানিয়েছিলেন।
এদিকে, এখনও মর্গে পড়ে আছে খালেদ ওরফে বদর মামা, যাকে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক প্রধান বলে দাবি করছে পুলিশ।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান (মিডিয়া) বলেন, ‘জঙ্গি’ রিপনের মা ও তার আাত্মীয়দের কাছে বিকালে লাশ হস্তান্তর করা হয়েছে।
“তবে অপর নিহত জঙ্গি উত্তরাঞ্চলের জেএমবির সামরিক প্রধান চাঁপাইনবাবগঞ্জের নাচোলের খালিদ হাসান ওরফে বদর মামার লাশ নিতে তার আত্মীয়রা কেউ আসেনি।”
রিপনের মা সালমা বেগম সাংবাদিকদের বলেন, নিহত হওয়ার তিন মাস আগে থেকেই তার ছেলে নিখোঁজ ছিল। জঙ্গিরা মগজ ধোলাই করে তার ছেলেকে সন্ত্রাসের পথে নিয়ে যায়।
ছেলের কৃতকর্মের জন্য তিনি লজ্জিত ও দুঃখিত। কেউ যাতে তার ছেলের মত ভুল পথে না যায় এ আশা ব্যক্ত করেন।
রিপনের মামা খন্দকার সালেহ সিদ্দিক বলেন, দাদির কাছে মানুষ হয়েছে রিপন ওরফে তান। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিপনের লাশ হস্তান্তরের পর রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার দাফন হওয়ার কথা।
বগুড়ার শেরপুরে সোমবার নিহত হন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এনামুল হকের ছেলে খালিদ হাসান ওরফে বদর মামা (৩০) এবং রাজশাহী নগরের পাঠানপাড়ার মৃত গোলাম সবুর ওরফে বাবলার ছেলে ইব্রাহীম গোলাম তারেক ওরফে রিপন (২৫)।
পুলিশের দাবি, খালিদ হাসান জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান, যিনি দিনাজপুরে ইতালির নাগরিক পিয়েরো পারোলারি হত্যাচেষ্টা এবং কান্তজিউ মন্দিরে হামলা মামলার ঘটনায় জড়িত।
এর একদিন পর রিপনের বোন সামিনা ফেরদৌস ভাইয়ের লাশ নেবেন না বলে জানিয়েছিলেন।
