সিলেটে মন্দিরে হামলা, আহত ১০
সিলেটে নামাজের সময় অনুষ্ঠান পরিচালনা নিয়ে ইসকন মন্দিরে হামলার পর ঢিল ছোড়াছুড়ির মধ্যে সাবেক এক নারী কাউন্সিলরসহ দশজন আহত হয়েছেন।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ জানান, শুক্রবার দুপুরে শহরের মধুশহীদ এলাকায় শ্রী শ্রী রাধামাধব জিউ মন্দিরের (ইসকন) সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
উপ-কমিশনার ফয়সল জানান, দুপুরে কাজল শাহ জামে মসজিদে জুমার নামাজের সময় পাশের ইসকন মন্দিরে ভক্তিবেদান্ত ন্যাশনাল স্টুডেন্টস কাউন্সিলের একটি অনুষ্ঠান শুরু হয়।
ঘটনার সময় মন্দিরের ফটক ছিল বন্ধ। সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, একদল লোক বাইরে থেকে লাঠি নিয়ে ফটকে আঘাত করছে এবং বৃষ্টির মত ঢিল ছুড়ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢিলের আঘাতে রক্তাক্ত অবস্থায় সাবেক কাউন্সিলর জেবুন্নাহার শিরীনকে (৫৮) সরিয়ে নিতে দেখা যায় এ সময়।
ফয়সল মাহমুদ জানান, জেবুন্নাহার শিরীন ওই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি ঢিলে আহত হন।
আহত বাকিদের মধ্যে সাজু আক্তার (২৮), বাবুল আহমেদ (৪৩), সাঈদ (২৪), আরিফ (২২), সুমন (১৭) ও রাজেন্দ্র দাশকে ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ভক্তিবেদান্ত ন্যাশনাল স্টুডেন্টস কাউন্সিলের একজন সংগঠক নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্দিরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কীর্তন চলার সময় বাইরে থেকে ঢিল ছোড়া হয়। এতে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে মসজিদ কমিটির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা নামাজে থাকা অবস্থায় মন্দিরে বাদ্যযন্ত্র বাজানোয় অনেকের মধ্যে ক্ষোভ দেখা দেয়। নামাজ শেষ হওয়ার পর ‘অতি উৎসাহী’ কিছু লোক মন্দিরের বাইরে গিয়ে ঢিল ছোড়ে। তখন অন্যপক্ষ থেকেও ঢিল ছোড়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
