জয়পুরহাটে জামায়াতের ৩ নারী নেতা-কর্মী আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জামায়াতে ইসলামীর তিন মহিলা নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার দানেজপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম।
আটককৃতরা হলেন উপজেলার কাঁটাপুকুর গ্রামের শফিউল আলম কমলের স্ত্রী ও পাঁচবিবি মহিলা জামায়াতের রুকন শাহানাজ বেগম (৩৫), দানেজপুর এলাকার আমিনুর রহমানের মেয়ে খাতুনে জান্নাত (২৫) ও একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে তানজিলা আখতার (৩৫)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতে ইসলামীর তিন নেতা-কর্মী দানেজপুরের সাইফুলের বাড়িতে দলীয় সভা করছিলেন। গোপন খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হবে বলে জানান ওসি আশরাফুল।
