২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৭ দিন পর গলিত লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক সপ্তাহ আগে নিখোঁজ এক যুবকের গলিত লাশ পাওয়া গেছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 07:32 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

শুক্রবার দুপুরে উপজেলার হাসনাবাদ এলাকার বসুন্ধরা আবাসিক প্রকল্প সংলগ্ন ময়দার মিলের পাশে কাশঝোপ থেকে পুলিশ তার হাতবাঁধা লাশ উদ্ধার করে।

নিহত মো. রাসেল হাওলাদার (২৩) বাগেরহাটের বাড়ৈইখালি গ্রামের রহিম হাওলাদারের ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. শাখাওয়াত ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সপ্তাহ আগে বাসা থেকে কাজে বের হয়ে আর ফিরেননি রাসেল। পরিবারের লোকজন অনেক খুঁজাখুজির পর না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।

“আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে শুক্রবার জুম্মার নামাজের পর লোকজন যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে বিকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।”

লাশ পচে গলে যাওয়ায় শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা বোঝা যাচ্ছে না। ময়নাতদেন্তর প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।