২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক গোষ্ঠী নাম্বার ওয়ান বিপদ: সেতুমন্ত্রী

বর্তমান সময়ে সাম্প্রদায়িক গোষ্ঠীকে আমাদের এক নম্বর বিপদ উল্লেখ করে তাদের মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 03:39 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

শুক্রবার মাগুরায় এক জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ভুলে-ভুলে বিএনপি এখন পথহারা পথিক। তারা এখন ভুলের চোরাবালিতে হারিয়ে গেছে।

“বিএনপির মরাগাঙ্গে আর কখনও জোয়ার আসবে না। তাই আমরা এখন বিএনপিকে নিয়ে বিচলিত নই। আমরা বিচলিত বিএনপি যাদের মদদ দিচ্ছে, সেই সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তিকে নিয়ে। কারণ ওই উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এখন আমাদের নাম্বার ওয়ান বিপদ। আমাদের ওই অপশক্তিকে মোকাবেলা করতে হবে।”

এজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে একমাত্র আস্থার ঠিকানা উল্লেখ করে তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন।

মাগুরা শহরের নোমানী ময়দানে দুপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ বিএম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মাগুরা-১ আসনের সাংসদ এটিএম আব্দুল ওয়াহহাব, কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ড প্রমুখ।