২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাকা আনতে গিয়ে’ নিখোঁজ, পোড়া লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে ‘টাকা আনতে গিয়ে’ নিখোঁজ এক যুবকের আধপোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 03:16 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

শুক্রবার নন্দীগ্রাম-শেরপুর সড়কের কদমকুড়ি এলাকায় রেজাউল করিমের (৩৫) লাশ পাওয়া যায়।

রেজাউল বগুড়া সদরের নামুজা ইউনিয়নের বামনপাড়ার হাফিজার রহমানের ছেলে।

তিনি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সুপারভাইজার হিসেবে বগুড়ার আদমদিঘী উপজেলায় কর্মরত ছিলেন।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সকালে নন্দীগ্রামের বুরইল ইউনিয়নের কদমকুড়ি সংলগ্ন বেজিগাড়ি এলাকায় তার লাশ পাওয়া যায়। তার মুখসহ শরীরের বেশকিছু অংশ পোড়া ছিল। গামছা দিয়ে শ্বাস রোধ করে তাকে হত্যার পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।  

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এই সিনিয়র এএসপি বলেন, নন্দীগ্রাম উপজেলার বিআরডিবি অফিসের সহকারী গ্রাম উন্নয়ন কর্মকর্তা (এআরডিও) জিল্লুর রহমানকে বেশ কিছুদিন আগে রেজাউল করিম তার গ্রামের এক পরিচিতজনের চাকরির জন্য সাড়ে ছয় লাখ  টাকা দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি হয়নি, এরপর টাকা ফেরত দিতেও তালবাহনা করছিলেন জিল্লুর।   

“বৃহস্পতিবার রাতে পাওনা টাকা নেওয়ার জন্য রেজাউল নন্দীগ্রামে আসেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে পরিবারের সদস্যরা জানান।”

ঘটনার পর থেকে বিআরডিবি কর্মকর্তা জিল্লুর রহমান পলাতক রয়েছেন। পাওনা টাকা নিয়ে বিরোধে রেজাউল খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।