২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে এক ব‌্যক্তি নিহত হয়েছেন, যাকে ডাকাত বলছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 09:12 AM

Updated : 20 Aug 2022, 01:35 PM

বৃহস্পতিবার গভীর রাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পিরোজপুর কড়াইতলা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান। 

নিহত লাল মিয়া (৩৫) হরিণাকুণ্ড উপজেলার নারায়ণপুর গ্রামের আবু বকরের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একদল ডাকাত কড়াইতলায় গাড়ি আটকে লুটপাটের জন্য রাস্তার ওপর ব্যারিকেড তৈরি করে।

“রাত সাড়ে ৩টার দিকে পুলিশের একটি টহল গাড়ি ওই ব্যারিকেডে পৌঁছালে ডাকাতেরা তিনটি হাতবোমা ও গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে এক ডাকাত গুলিবিদ্ধ হয়।”

পরে পুলিশ তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পাঁচটি হাতবোমা, একটি শাটারগান, এক রাউন্ড গুলি, চারটি দা ও দুটি গাছ কাটা করাত উদ্ধার করা হয়েছে বলে আজবাহার আলী জানান।

এ ঘটনায় রতন কুমার ও আলামিন নামে দুই পুলিশ কনস্টেবল আহত হলে তাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলেও তিনি জানান।

তিনি বলেন, নিহত লাল মিয়ার নামে হত্যা ও ডাকাতিসহ চারটা মামলা রয়েছে।