টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত ১
টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় বঙ্গবন্ধু সেতুগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
“ভুট্টা নিয়ে ট্রাকটি উত্তরবঙ্গ থেকে ঢাকা আসছিল। আর বাসটি ঢাকা থেকে যাচ্ছিল উত্তরবঙ্গের দিকে। ধলাটেঙ্গর এলাকায় দুই বাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।”
এতে ট্রাক চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। তবে তার নাম জানাতে পারেননি ওসি।
দুর্ঘটনার পর আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অধিকাংশই ছিলেন বাসের আরোহী।
এদিকে দুর্ঘটনার পর দীর্ঘ সময় রাস্তা আটকে থাকায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়।
দুর্ঘটনাকবলিত বাহন দুটি সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান ওসি।
