ট্রলারে পাওয়া ৭ বাংলাদেশির লাশ হস্তান্তর বিএসএফের
পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরে আধডোবা একটি ট্রলারে পাওয়া সাত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয় জেলেদের মরাদেহগুলো ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি সেগুলো সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।
গত ১৪ অগাস্ট বঙ্গোপসাগরের হাতিয়া উপকূল থেকে ঝড়ের কবলে পড়ে ১৭ জেলে ও মাঝি-মাল্লাসহ এফবি নূর আলম নামের মাছ ধরা ট্রলারটি নিখোঁজ হয়।
মঙ্গলবার (৩০ অগাস্ট) পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার পাথর প্রতিমা থানা এলাকার জেলেরা মাছ ধরার সময় আধডোবা অবস্থায় ট্রলারটির সন্ধান পান। পরে ট্রলারের ভেতর থেকে সাতজনের গলিত লাশ উদ্ধার করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের পক্ষে ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি মরাদেহগুলো গ্রহণ করেন বলে সাতক্ষীরা সদর থানার এসআই নজরুল ইসলাম জানান।
ভারতীয় কর্তৃপক্ষের দাখিল করা কাগজপত্রের বরাত দিয়ে তিনি বলেন, গত মঙ্গলবার রাতে দক্ষিণ চব্বিশ পরগণা এলাকায় সুমুদ্রে অর্ধনিমজ্জিত অবস্থায় ফিসিং ট্রলারটি উদ্ধারের পর সেখানকার পাথর প্রতিমা থানায় হস্তান্তর করা হয়।
“এই ট্রলারের মধ্য থেকে তারা সাতটি গলিত লাশ উদ্ধার করে প্রাথমিক ময়নাতদন্ত করা হয়।
“বৃহস্পতিবার বিকালে বিএসএফ সদস্যরা মরদেহগুলো ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করার পর বিজিবি সেগুলো সদর থানায় হস্তান্তর করে।”
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সামছুল আলম বলেন, “মরাদেহগুলো গ্রহণ করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে পরে জানানো হবে।”
