২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে ‘হানড্রেড পারসেন্ট সিকিউরিটি’

মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পর কাশিমপুর কারাগারের চারপাশে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

বৃহস্পতিবার বিকালে কাশিমপুর কারাগারের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “কারাগারের চারপাশে হানন্ড্রেড পারসেন্ট সিকিউরিটি আছে। মোবাইল টিম কাজ করছে, টহল টিম কাজ করছে, সিভিলেও কাজ করছে পুলিশ।

“যেহেতু এ কারাগারে মীর কাসেম আলী বন্দি রয়েছেন, তাই স্বাভাবিকভাবেই আগের চেয়ে একটু সিকিউরিটি আমরা বাড়িয়েছি।”

জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মীর কাসেম আলীর ফাঁসি কোথায় কার্যকর করা হবে তা কারাকর্তৃপক্ষই বলতে পারবে।

“তবে আমার দায়িত্ব হচ্ছে কারাগারের আশপাশে সিকিউরিটি দেওয়া। আর এ কারাগারেই যদি মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হয়, সেক্ষেত্রে আরও যা যা সিকিউরিটি বিধান করা দরকার তা আমি করব।”

কারাগারের নিরাপত্তায় কারা ফটকে অতিরিক্ত কারারক্ষী মোতায়েন ছাড়াও ফটকের সামনে বিপুল সংখ্যক পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দাদের কাজ করতে দেখা গেছে।

কারা ফটকের সামনের রাস্তায় বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের পর প্রাণভিক্ষার আবেদন করার সিদ্ধান্ত জানাতে তিনি সময় চেয়েছেন। প্রাণভিক্ষা না চাইলে কিংবা চাওয়ার পর প্রাণভিক্ষা না পেলে ফাঁসি কোথায় কার্যকর হবে তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।