মেডিকেল ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্র বাতিল
গত বছর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় এবার রংপুর কেন্দ্র বাতিল করা হয়েছে।
এই সিদ্ধান্ত জানিয়ে বুধবার দুপুরে ফ্যাক্সের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজে একটি চিঠি পৌঁছেছে বলে অধ্যক্ষ সৈয়দ আবু তালেব জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দ্বীন মো. নুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর আমাদের সিদ্ধান্ত হয়েছে ঢাকার বাইরের কেন্দ্র কমিয়ে ফেলব। আর রংপুরের এই কেন্দ্র নিয়ে গতবছর অভিযোগ ছিল।”
অধ্যক্ষ সৈয়দ আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ তুলে কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে, তা প্রমাণিত হয়নি।”
কেন্দ্র পুনর্বহালের দাবিতে বুধবার বিকেলেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন পাঠানো হয়েছে বলে জানান তিনি।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তিপরীক্ষা ৭ অক্টোবর এবং ডেন্টাল কলেজের ভর্তিপরীক্ষা ৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে আকস্মিকভাবে কেন্দ্র বাতিলের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন রংপুরের অনেক অভিভাবক।
নগরীর কলেজ রোড এলাকার কলেজ শিক্ষক আজিজুল হক বলেন, “আমার ছেলে এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। দুপুরে কেন্দ্র বাতিলের বিষয়টি জানার পর উদ্বিগ্ন হয়ে পড়েছি।”
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রংপুরের সাধারণ সম্পাদক অনিমেষ মজুমদার বলেন, কেন্দ্র বাতিলের খবর জানার পর অসংখ্য অভিভাবক ফোন করে তাদের উদ্বেগের কথা জানাচ্ছেন।
“রংপুর বিভাগের শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্র বহালের দাবি করছি আমরা,” বলেন তিনি।
প্রতি বছর সারা দেশে ২৩টির বেশি কেন্দ্রে একযোগে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়ে আসছে এতদিন।
রংপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকে গত ৪৩ বছর ধরেই সেখানে ভর্তি পরীক্ষা হয়ে আসছিল।
