বগুড়ায় শিশু সিয়াম হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড
বগুড়ায় তৃতীয় শ্রেণির ছাত্র শাহরিয়ার নাফিজ ওরফে সিয়ামকে অপহরণ ও হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বগুড়ার জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. হাফিজুর রহমান বুধবার আসামির উস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আল আমিন ওরফে সোহাগ (বর্তমান বয়স ২১) বগুড়া সদরের পুরান বগুড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
নিহত সিয়াম বগুড়া সদরের পুরান বগুড়া এলাকার অটোরিকশা চালক মো. বেল্লাল রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. খায়রুল বাশার নিলুজ জানান, হত্যা, মুক্তিপণ দাবি, অপহরণ ও তথ্য গোপনের চারটি ধারায় সাজা দেওয়া হয়েছে। হত্যায় ফাঁসি, মুক্তিপণ দাবিতে যাবজীবন কারাদণ্ড, অপহরণে ১০ বছর কারাদণ্ড ও তথ্য গোপন করার দায়ে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১৭ মে বিকালে বাসার সামনে শাহরিয়ার নাফিজ সিয়াম খেলছিল। এ সময় তাকে কৌশলে অপহরণ করে ওই রাতে তার বাবার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
পরদিন বিকালে আল আমিন ওরফে সোহাগের বাড়িতে সিয়ামের এক সহপাঠী সিয়ামের ব্যবহৃত স্যান্ডেল দেখে অন্যদের জানালে তা পুলিশকে অবহিত করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. খায়রুল বাশার নিলুজ জানান, পুলিশ সোহাগকে গ্রেপ্তার করার পর সোহাগ সিয়ামকে হত্যা করার কথা স্বীকার করেছেন।
“তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশে একটি পুকুর থেকে সিয়ামের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।”
বগুড়া সদর থানার এসআই মো. আনোয়ার হোসেন ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর অভিযোগপত্র দেন।
