সিলেটে খালেদ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী খালেদুজ্জামান খালেদ হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন - বিয়ানীবাজার উপজেলার উত্তর চন্দগ্রামের সাইব উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (২৫), গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের আব্দুস সত্তারের ছেলে ফাহিম আহমদ (২৫) ও জকিগঞ্জ উপজেলার বিলেরবন গ্রামের আব্দুল মন্নানের ছেলে মুকিত আল-মাহমুদ (২২)।
তারা সবাই কারাগারে রয়েছেন।
সিলেটের অতিরিক্ত পিপি সামসুল ইসলাম বলেন, ২০১৪ সালে ২১ জুলাই সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী খালেদুজ্জামান খালেদকে নাকে-মুখে কস্টেপ পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।
“চার দিন পর ২৫ জুলাই ফেঞ্চুগঞ্জের কাছে কুশিয়ারা নদীতে খালেদের লাশ পাওয়া যায়।”
এ ঘটনায় খালেদের বাবা গোলাপগঞ্জের নিমাদল পশ্চিমপাড়া গ্রামের ছালেহ আহমদ বিয়ানীবাজার থানায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় বলে জানান পিপি সামসুল ইসলাম।
তিনি বলেন, মামলার রায়ে বিচারক মনির আহমদ পাটোয়ারী যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
“জরিমানা না দিলে তাদের আরও এক বছর করে কারাভোগ করতে হবে।”
মামলার আট আসামির মধ্যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছে বলে বলে জানান পিপি সামসুল ইসলাম।
