২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত সাত ডাকাতকে আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2016, 03:14 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

মঙ্গলবার ভোরে পূর্ব দক্ষিণভাগ গ্রামের এ ঘটনায় ১০ পুলিশও আহত হয় বলে জানান বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান।

তিনি বলেন, ওই গ্রামের ধনু মিয়ার বাড়িতে ডাকাতি হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের গাড়ি দেখে ডাকাতদল গুলি ছোড়ে।

“পুলিশও পাল্টা গুলি ছুড়লে বেশ কিছুক্ষণ গোলাগুলির পর কয়েক ডাকাত পালিয়ে যায়। আটক করা হয় আহত সাত ডাকাতকে। তাদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

গোলাগুলির ঘটনায় ১০ পুলিশ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি।

আহত ডাকাতরা হলেন হবিগঞ্জের যাদবপুরের জিতু মিয়া (৪২), মাধবপুরের শিবপুর এলাকার খলিলুর রহমান (২৩), মাধবপুরের সাতপাড়িয়ার জাহাঙ্গীর (২৫), একতিয়ারপুরের নুর মিয়া (২৮), সাতপাড়িয়ার কামাল মিয়া (৩৫), কালিনগরের আশিক ওরফে মাসুদ (৩৬) ও বাহুবলের আব্দুল খালিক (৩৭)।

ওসি বলেন, আটককৃতদের নামে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ চার রাউন্ড গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলে তিনি জানান।