ফেনীতে মোবাইলের জন্য ভাগ্নেকে হত্যা
ফেনীতে মোবাইল ফোন নেওয়ার জন্য ভাগ্নেকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামাকে আটক করেছে পুলিশ।
সদর উপজেলার মধ্যম ফাজিলপুর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ।
নিহত মনসুর আলম (১৩) ছনুয়া ইউনিয়নের বোগদাদিয়া এলাকার সাহাবুদ্দিনের ছেলে। সে ফাজিলপুর নুরানী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
আটক নুরুল আলম মধ্যম ফাজিলপুর গ্রামের আহম্মদ সওদাগরের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার সকালে মনসুর তার নানার বাড়ি মধ্যম ফাজিলপুর গ্রামের আহম্মদ সওদাগরের বাড়ি বেড়াতে যায়।
“সন্ধ্যায় মামা নুরুল আলম তাকে মুহুরি নদীর দিকে বেড়াতে নিয়ে যায়। পরে মধ্যরাতে নদীর পাড়ে রক্তের দাগ দেখে মাটিচাপা লাশ উদ্ধার করে স্বজরা।”
এ ঘটনায় আটক নুরুল আলম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানান ওসি।
নুরুলের বরাত দিয়ে ওসি বলেন, মনসুরের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল মামা নুরুল আলম। মনসুর বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে মনসুরের মাথায় আঘাত করে।
“মনসুর জ্ঞান হারিয়ে ফেললে নুরুল ছুরি দিয়ে তার গলা কেটে হত্যার পর লাশ নদীর পাড়ে পুঁতে রাখে বলে স্বীকার করেছে।”
আটক নুরুল মাদকাসক্ত বলে জানান ওসি মোর্শেদ।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
