২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ

অভ্যন্তরীণ বিরোধের জেরে ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহাগ খায়ের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2016, 09:25 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

একই সময়ে সোহাগের প্রতিপক্ষের নেতা চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ছুরিকাহত হন।   

উপজেলার চরমজলিশপুরে রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

সোহাগ খায়েরকে (২৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। ওমর ফারুক ভর্তি আছেন ফেনী সদর হাসপাতালে।

পুলিশ ও দলীয় নেতা-কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরমজলিশপুর ইউনিয়নের যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

এর জের ধরে রোববার মধ্যরাতে চর বদরপুর গ্রামের একটি চা দোকানের সামনে সোহাগ খায়েরের বুকে গুলি করে প্রতিপক্ষের লোকজন। ওই সময় সোহাগের সমর্থকরা ওমর ফারুককে ছুরিকাঘাত করে।

পরে দলের অপর নেতা-কর্মীরা আহতদের উদ্ধার করে সোনাগাজী ও দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দিয়ে নিয়ে যায় ফেনী জেলা সদর হাসপাতালে। সোমবার ভোরে  সোহাগ খায়েরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, চরমজলিশপুরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।