ফেনীতে সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর
ফেনী সদরে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার উপজেলার বাথানিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান।
নিহত মোহাম্মদ রিফাত (১৮) বাথানিয়া এলাকার আবদুল লতিফের ছেলে ও ফেনী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।
পরিদর্শক জাহাঙ্গীর জানান, দুপুরে মোটরসাইকেলে কলেজ থেকে ফিরছিলেন রিফাত। এ সময় বাথানিয়ায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
