২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে পিটিয়ে জখম: চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সালিশে বাবা-মা-খালাসহ এক স্কুলছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগে নোয়াখালীর চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2016, 08:05 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারক বিচারিক হাকিম ফাহানা ভূঁইয়ার আদালতে মামলাটি দায়ের করেন স্কুলছাত্রীর বাবা।

বাদীপক্ষের আইনজীবী নূরনবী চৌধুরী জানান, বাদীর অভিযোগ নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য চরজব্বার থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, গত ২২ অগাস্ট রাতে চরবাটা ইউনিয়ন পরিষদে পারিবারিক বিরোধের একটি ঘটনায় মধ্য চরবাটা গ্রামের এক দিনমজুর, তার স্ত্রী ও শালিকাকে বেত মেরে আহত করেন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।

এক পর্যায়ে দশম শ্রেণিতে পড়ুয়া তাদের মেয়েকে ডেকে এনে সালিশে বেত মারা হয়। এতে ঘটনাস্থলে ছাত্রীটি জ্ঞান হারিয়ে ফেলে।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সেখানেই আছে।

এ ঘটনার প্রতিবাদে ওই ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিত করেছে বিভিন্ন সংগঠন।