সাভারে খাদ্যে বিষক্রিয়া, ভূতের গুজব
ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় খাদ্যে বিষক্রিয়ায় শ্রমিকরা অসুস্থ হতে থাকলে তাদের মধ্যে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবার দুপুরে সাভারের নরসিংহপুর এলাকায় ‘ডেকো ডিজাইন’ নামের একটি কারখানার এ ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) খলিলুর রহমান বলেন, দুপুরে খাওয়ার পর শ্রমিকরা ‘ভূত-আতঙ্কে’ অসুস্থ হয়ে পড়ছে এমন গুজব রটতে থাকে।
“অসুস্থ শ্রমিকদের তাৎক্ষণিকভাবে বেরন এলাকায় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসক।”
বিষয়টি কারখানা কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানান তিনি।
স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক মাহামুদুল হাসান সবুজ বলেন, গরমে খাদ্যে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের স্যালাইন দেওয়া হয়েছে। সবাই এখন আশঙ্কামুক্ত।
শিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজুর রহমানও বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন।
