মাদারীপুরে নৌকা ডুবি: ১ জনের লাশ উদ্ধারের খবর
মাদারীপুরে জন্মাষ্টমীর অনুষ্ঠান থেকে ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় আরও একজনে লাশ উদ্ধারের খবর দিয়েছে পুলিশ।
উদ্ধার হওয়া ননী বাড়ৈ সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের হারান বাড়ৈর স্ত্রী।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে তার লাশ পাওয়া যায় বলে মাদারীপুর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান।
তবে ঘটনায় বিস্তারিত জানাতে পারেনি তিনি।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর থেকে কলাগাছিয়া গ্রামে নিজেদের বাড়ি ফিরছিল একটি দল। পথে সিদ্দিকখোলা গ্রামের উকিলবাড়ির কাছে কুমার নদে বিপরীত দিক থেকে আসা ট্রলারের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে।
এ ঘটনায় কলাগাছিয়া গ্রামের সুখচান বালার স্ত্রী ভানুমতি বালা (৬৭) ঘটনাস্থলেই মারা যান।
