সরকারি খাদ্য আত্মসাতের দায়ে কারাদণ্ড
সরকারি চাল ও গম আত্মসাতের দায়ে খুলনার অবসরপ্রাপ্ত এক খাদ্য কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার খুলনার বিশেষ জজ আদালতের বিচারক এস এম আব্দুস ছালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফুল কবীর নওরোজ জানান।
দণ্ডপ্রাপ্ত মো. আব্দুল কাদের মোল্লা নগরীর নিরালা আবাসিক এলাকার ২ নম্বর বাগমারা ক্রস রোডের মৃত মনির উদ্দিন মোল্লার ছেলে।
এ সময় আসামিকে আত্মসাৎ করা চাল ও গমের মূল্য বাবদ ১২ লাখ ৫৭ হাজার ৫৪৮টাকা পরিশোধ অন্যথায় আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
মামলার বরাত দিয়ে আইনজীবী লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০০ সালের ২১ মার্চ থেকে ২০০২ সালের ১২ এপ্রিল পর্যন্ত খুলনার কেন্দ্রীয় খাদ্য গুদামের ইনচার্জেরও দায়িত্বে ছিলেন পরিদর্শক আব্দুল কাদের মোল্লা। এ সময় তিনি ৭৮ হাজার ১৪৭ মেট্রিক টন চাল ও ১২ হাজার ৪৫৬ মেট্রিকটন গম আত্মাসাৎ করেন।”
তিন জানান, বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের অনুসন্ধানে প্রকাশ পায়। পরে দুদকের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে ২০১০ সালের ১১ নভেম্বর খালিশপুর থানায় মামলা করেন।
তদন্ত শেষে দুদকের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম ২০১১ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন বলে জানান তিনি।
