২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার ৪ গ্রাম ঝড়ে লণ্ডভণ্ড

মাগুরার মহম্মদপুর উপজেলার চারটি গ্রাম ঘূর্ণিঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোনো সহায়তা এখনও না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে আশ্রয়হীন সহস্রাধিক মানুষ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2016, 01:10 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

এলাকাবাসী জানায়, নহাটা ইউনিয়নের চাকুলিয়া, শালধা, রামদেবপুর ও হরিয়াখালি গ্রামে রোববার সন্ধ্যার এ ঝড়ে দুই শতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে।

নহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী মিয়া বলেন, ঘূর্ণিঝড়ে চারটি গ্রাম পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

“কাঁচা, আধাপাকা এমনকি পাকা ঘরবাড়ি পর্যন্ত বিধ্বস্ত হয়েছে। ঘরের ওপর গাছপালা ভেঙে পড়েছে। দুই শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে।”

ঝড়ের পর টানা বৃষ্টি তাদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে বলে চেয়ারম্যান জানান।

তিনি বলেন, “ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছি। দ্রুত সাহায্য না পৌঁছালে গ্রামগুলোয় মানবিক বিপর্যয় নেমে আসতে পারে।”

এদিকে গত তিন দিনেও ক্ষতিগ্রস্তরা সরকারি-বেসরকারি কোনো সাহায্য-সহযোগিতা পাননি বলে অভিযোগ করছেন।

চাকুলিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত ৭৫ বছর বয়সী সাইদ জমাদ্দার বলেন, তার ছয় ছেলে তাদের স্ত্রী-সন্তান নিয়ে একই জায়গায় পৃথক ১৬টি ঘরে বাসবাস করত।

“দুই মিনিটের ঝড়ে চোখের পলকে সবকিছু তছনছ হয়ে গেছে। ঝড়ে উড়ে গেছে দীর্ঘদিন ধরে তিল তিল করে গড়ে তোলা সাজানো সংসার। এখন চারিদিকে শুধু ধ্বংসস্তূপ।

“মাথার ওপর চাল নেই, খাবার নেই। ছয়টি পরিবারের ৩০ জন নারী-পুরুষ ও শিশু এক কাপড়ে খোলা আকাশের নিচে খেয়ে-না-খেয়ে দিন কাটাচ্ছে।”

শুধু সাইদ জমাদ্দারের পরিবার নয়, চার গ্রামের দুই শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষের চিত্র একই রকম।

শুধু বাড়িঘর না, তাদের ভবিষ্যত সম্পদ গাছপালাও উপড়ে গেছে ঝড়ে।

চাকুলিয়া গ্রামের ৬০ বছর বয়সী জরিনা বেগম বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। ঘরবাড়ি, মালপত্র সব ঝড়ে নিয়ে গেছে। খোলা জায়গায় কাটছে রাত-দিন। টাকার অভাবে বাড়ি তুলতি পারছি না।” 

শালধার মাহাবুব মোল্লা বলেন, “বাড়ির মাটি ছাড়া ঝড়ে সব নিয়ে গেছে। ভাত রান্নার একটি হাঁড়ি পর্যন্ত নাই। কেউ এসে শুনল না তুমি খেয়ে আছ নাকি না খেয়ে আছ।”

একই গ্রামের আবুল বাশার বলেন, “সরকারি সাহায্য না পেলে বাড়িঘর তোলার কোনো উপায় নাই। ছেলেমেয়ে নিয়ে গাছের তলায় থাকতে হচ্ছে।”

রামদেবপুরের চুন্নু মোল্লা বলেন, “উপজেলা প্রশাসন দুই দিন ধরে ক্ষতিগ্রস্ত ১৩০টি পরিবারের তালিকা তৈরি করে নিয়ে গেছে, কিন্তু এখনও কেউ কোনো সাহায্য নিয়ে আসেনি।”

চাকুলিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত ফারুক জমাদ্দার বলেন, ঝড়ের পর তিন দিন পার হলেও তারা কোনো সরকারি বা বেসরকারি সাহায্য পাননি। তিনি খাদ্য-সহায়তার পাশাপাশি বসতঘর নির্মাণে সহায়তার দাবি জানান।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

“ইতোমধ্যেই জেলা প্রশাসনের তহবিল থেকে ৫০ হাজার টাকা এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল বরাদ্দ পাওয়া গেছে।”

বুধবার সেগুলো বিতরণ শুরু হবে বলে তিনি জানান।