২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষককে মারধর, অভিভাবক গ্রেপ্তার

ছাত্রকে শাসন করায় গাজীপুরে এক শিক্ষককে মারধরের অভিযোগে এক ছাত্রের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 04:38 PM

Updated : 12 Apr 2022, 02:44 AM

তিনি হলেন হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র পলফ ড্যানিয়েল পিরচের বাবা পলাশ পিরিচ (৪৫)।

মঙ্গলবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ থানায় জিডি করার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জয়দেবপুর থানার ওসি খন্দকার মো. রেজাউল হাসান রেজা জানান।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ এবং যানবাহন ভাংচুর করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশসহ অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়। 

পরে সকল ক্লাশ দুইদিনের জন্য ছুটি ঘোষণা করা হয় বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মারফত আলী দেওয়ান জানান।

আহত মো. আবু বকর সিদ্দিক হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক। ঢাকার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

জয়দেবপুর থানার ওসি খন্দকার মো. রেজাউল হাসান রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এবং যানবাহন ভাংচুর শুরু করে।

“এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে পুলিশ বাধা দেয়, কিন্তু শিক্ষার্থীরা না শুনে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়লে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।”

এ সময় পুবাইল ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেনসহ দুই পুলিশ সদস্য আহত হলে বিক্ষোভকারীদের লাঠিপেটা ও ধাওয়া করা হয় বলে জানান তিনি।

ওসি বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় মঙ্গলবার সকালে হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মারফত আলী দেওয়ান থানায় একটি জিডি করেছেন।

পলাশ ও তার ছেলে পলফকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি রেজাউল জানান।

হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মারফত আলী দেওয়ান জানান, পরীক্ষার ফলাফল খারাপ করায় এবং ক্লাশে দুষ্টুমি করায় সোমবার সকালে ৯ম শ্রেণির ছাত্র পলফ ড্যানিয়েল পিরিচসহ কয়েক শিক্ষর্থীকে চড় দিয়ে শাসন করেন শিক্ষক মো. আবু বকর সিদ্দিক।

“পরে পলফ ঘটনাটি তার বাবাকে জানালে তিনি (বাবা) ওই শিক্ষকের বিরুদ্ধে আমার কাছে নালিশ দেন। বিষয়টি আমি দেখব বললে চলে যান পলাশ।”

অধ্যক্ষ বলেন, সোমবার বেলা ১টার দিকে শিক্ষক আবু বকর দুপুরের খাবার খেয়ে বাসা থেকে স্কুলে যাওয়ার পথে স্কুলের সীমানা প্রাচীরের পাশে পলাশ তার ছেলেকে মারধরের কৈফিয়ত চান।

“এ নিয়ে দুইজনের কথাকাটাকাটির এক পর্যায়ে পলাশ ওই শিক্ষিকের নাকে-মুখে কিল-ঘুষি মারেন। এতে তার নাক-মুখ দিয়ে রক্ত ঝড়তে শুরু করে। খবর পেয়ে সহকর্মী ও ছাত্ররা এগিয়ে গেলে পলাশ পালিয়ে যান।”

অধ্যক্ষ জানান, আহত আবু বকরকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।