সিলেটে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে মামলা, আটক ১০
সিলেট নগরীতে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার রাতে এসআই শাহীন মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন ওসি সোহেল আহমদ।
তিনি জানান, মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক মাসুদ কামাল সুফিসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, হযরত শাহজালালের (র.) ওরস উপলক্ষে সোমবার সন্ধ্যার পর আম্বরখানা পয়েন্ট থেকে চৌহাট্টা হয়ে জিন্দাবাজার পর্যন্ত রাস্তায় সব ধরনের যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।
“রাত ১০টার দিকে আম্বরখানা পয়েন্টে পুলিশের বাধা উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে ওই রাস্তায় প্রবেশ করতে চান ছাত্রলীগ নেতা সুফি। এসময় তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন।”
এরপর ২০/২৫ জন ছাত্রলীগ কর্মী আম্বরখানা পয়েন্টে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ছয় জন আহত হন বলে জানান রহমত উল্লাহ।
