২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দুই মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ফরিদপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 09:10 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

সোমবার তারা ফরিদপুর সদরের কৈজুরি, গেদদা ও কানাইপুর ইউনিয়নে যান এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ নিয়ে কোনো ছল-চাতুরী সহ্য করা হবে না।

“যতদিন ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত সাহায্য অব্যাহত থাকবে।”

মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মাঝে সকল প্রকার সাহায্য-সহযোগিতা যা যা দরকার সবই করা হবে। ক্ষতিগ্রস্তরা যতদিন নিজেরা সক্ষম না হবে ততদিন পর্যন্ত তাদের সাহায্য অব্যাহত রাখা হবে।

ক্ষতিগ্রস্ত তিন ইউনিয়নে যাওয়ার আগে তারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জোবাইদা-করিম জুটমিল পরিদর্শন করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।

রোববার কৈজুরি, গেদদা ও কানাইপুর ইউনিয়নে ঝড়ে অন্তত দুই হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া গেদদা ইউনিয়নে অবস্থিত জোবাইদা-করিম জুটমিলে শেড ও গাছ চাপা পড়ে ছয় জন নিহত হয়েছেন।