সাত খুন: পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৯ অগাস্ট
নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা বিশেষ শাখার পরিদর্শক মামুনুর রশিদ মন্ডলের আংশিক সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন আগামী ২৯ অগাস্ট ধার্য করেছে আদালত।
সোমবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
সকালে কড়া নিরাপত্তার মধ্যে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, এম এম রানা ও আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন জানান, প্রথমে সাক্ষ্য দেন র্যাব-১১ এ কর্মরত কনস্টেবল মনির হোসেন। তারপর সাক্ষ্য দেয়া শুরু করেন সাত খুনের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুনুর রশিদ মন্ডল।
“তার সাক্ষ্য আজকের মতো অসমাপ্ত রেখে আদালত আগামী ২৯ অগাস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করে।”
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় পৃথক দুটি মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা ৩৫ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে র্যাবের ৮ সদস্যসহ ১২ জন পলাতক রয়েছেন।
