২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুকে কুপিয়ে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 09:22 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

রোববার বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন।

নিহত শিপন মিয়া (২০) গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

এ ঘটনায় বন্ধু ইমরান হোসেনের মা আঞ্জুয়ারা বেগমকে আটক করেছে পুলিশ।

ওসি বলেন, শিপনের সঙ্গে একই গ্রামের দুলাল মিয়ার ছেলে ইমরানের বন্ধুত্ব ছিল। সম্প্রতি ইমরান ও তার মা আঞ্জুয়ারা বাড়ির পাশে জমি কেনেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

“এ ঘটনার জেরে রোববার বিকালে ইমরান ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে শিপনের বাড়িতে হামলা চালায়। এ সময় শিপন ভয়ে দৌড় দিলে ইমরান তাকে ধাওয়া করে ধরে এলোপাথাড়ি কোপায়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।