যশোরে হিজবুত তাহরীর কর্মীর আত্মসমর্পণ
তিন হিজবুত তাহরীর কর্মীর আত্মসমর্পণের দশ দিন পর যশোরে সংগঠনটির আরেক কর্মী পুলিশের কাছে ধরা দিয়েছেন।
রোববার যশোর পুলিশ সুপারের কার্যালয়ে ফকরুল আলম তুষার (২১) আত্মসমর্পণ করেন।
তুষার যশোর শহরের আরবপুরের আব্দুর রাজ্জাকের ছেলে এবং যশোর পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল বিভাগ থেকে এবছর শেষবর্ষের পরীক্ষা দিয়েছেন।
যশোর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তুষারের আত্মসমর্পণের কথা জানান খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মনির-উজ-জামান।
গত ১১ অগাস্ট যশোরে আরও তিনজন হিযবুত তাহরীর কর্মী আত্মসমর্পণ করেছিলেন। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদে তুষারের নামও প্রকাশ পায়। ওই তিন জনের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তুষারকেও আসামি করে পুলিশ।
ডিআইজি জানান, অভিভাবকদের মাধ্যমে তুষার আত্মসমর্পণের কথা জানান পুলিশকে। সে অনুযায়ী রোববার সকালে তিনি আত্মসমর্পণ করেন।
ওই সময় ঢাকা থেকে মোসাব্বি, সাকিন ও সাকিবসহ কয়েকজন এসে তাদের ক্লাশ নিতেন এবং বই ও লিফলেট দিয়ে যেতেন। সেগুলো তারা পড়তেন এবং বিলি করতেন বলে জানান তুষার।
তুষার বলেন, এক সময় তিনি বুঝতে পারেন দেশ বিরোধী কাজে জড়িয়ে পড়ছেন। তখন তার মধ্যে অনুশোচনা তৈরি হয় এবং আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
ডিআইজি জানান, প্রতিশ্রুতি অনুযায়ী তুষারকে আইনগত সহায়তা করা হবে। অপরাধের মাত্রা অনুযায়ী তার বিচার হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ও নড়াইলের পুলিশ সুপার সরদার রফিকুল ইসলাম।
গত ১১ অগাস্ট যশোরে আত্মসমর্পণ করেছিলেন হিজবুত তাহরীর মোশরেক সদস্য সাদ্দাম ইয়াসির সজল, রায়হান আহমেদ ও মেহেদি হাসান পাশা। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
