মুন্সীগঞ্জে ঝড়ে আহত ৪০, বহু স্থাপনা লণ্ডভণ্ড
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়র গাঁওদিয়া গ্রামে ঝড়ে অন্তত ৪০ জন আহত হয়েছে। বেশকিছু বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে বহু গাছপালা।
রোববার সকাল ৯টা ২৫ মিনিটে এই ঝড় আঘাত হানে বলে স্থানীয়রা জানান।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ইউনিয়ন স্বাস্থ্য সহকারী কাজী মোস্তাফিজুর রহমান বাবুল জানান, ঝড়ের সময় তিনি গাঁওদিয়া বাজারে তার কাজী ফার্মেসিতে ছিলেন। ওই ফার্মেসিও ঝড়ে উড়ে গেছে।
এছাড়া মাছ বাজার ও আজিজ মাস্টারের মার্কেটসহ বাজারের অন্তত ৫০টি দোকান লণ্ডভণ্ড হয়ে যায় বলে জানান তিনি।
মোস্তাফিজুর বলেন, ঝড়ে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি নিজে এ পর্যন্ত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন দুর্গতদের পাশে রয়েছে।
