২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফসানা ‘হত্যার’ বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল

কর্মী আফসানা ফেরদৌসের ‘খুনিদের’ অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 09:07 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। মিছিলে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও শতাধিক মানুষ অংশ নেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি তপন কুমার, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সন্তোষ শর্মা প্রমুখ।

ঢাকার মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী আফসানাকে অচেতন অবস্থায় গত শনিবার রাতে কাফরুলের একটি বেসরকারি হাসপাতালে ফেলে যায় দুই তরুণ। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে।

তার গলায় দাগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।  

আফসানাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে দাবি করে এজন্য তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিনকে দায়ী করছেন তার স্বজনরা।

আফসানা ফেরদৌস ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কানিকশালগাঁওয়ের আক্তার হোসেনের মেয়ে।

বক্তারা অভিযোগ করেন, আফসানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিন জড়িত। অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।

এর আগে বিকেলে পীরগঞ্জ উপজেলার চৌরাস্তা মোড়ে মানববন্ধন করে উপজেলা ছাত্র ইউনিয়ন।