২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির হলে অভিযান, ইমামসহ আটক ১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে অভিযান চালিয়ে মসজিদের ইমামসহ ১৪ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 07:54 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

শনিবার বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ কমিশনার আমির জাফর (পূর্ব)।

আটককৃতরা হলেন হল মসজিদের পেশ ইমাম মো. সানাউল্লাহ, ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী হাসান, চতুর্থ বর্ষের আব্দুল হক মানিক, শরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের এমবিএর শিক্ষার্থী আনারুল হক, তৃতীয় বর্ষের মোস্তাক, ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুস সবুর, দ্বিতীয় বর্ষের সাজিদ, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফাহাদ আলম, দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবুল খায়ের, চতুর্থ বর্ষের ইউসুফ আলী, প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের সিরাজুল ইসলাম সুমন, লোকমান হোসেন সিরাজী ও ভাষা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রায়হান হোসেন সুমন।

এ সময় বিপুল পরিমাণে জিহাদি বই, ক্যালেন্ডার, ডায়েরি, লিফলেট, রিপোর্ট বই উদ্ধার করেছে পুলিশ।

উপ কমিশনার আমির জাফর বলেন, “নাশকতায় সংশ্লিষ্ট শিবিরকর্মীরা হলে অবস্থান করছে এমন সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় হলে অভিযান চালানো হয়।

“এ সময় মসজিদের ভেতর থেকে জিহাদি বই, লিফলেট, ক্যালেন্ডার, ডায়েরিসহ এবং হলের বিভিন্ন কক্ষ থেকে সন্দেহভাজন ১৪ জনকে আটক করা হয়।”

নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুজিবুল হক আজাদ খান বলেন, রাষ্ট্র বিরোধী কিছু সংঘটিত হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ শের-ই-বাংলা হলে অভিযান চালিয়েছে। এদের বিরুদ্ধে জঙ্গি বিরোধী কার্যক্রমে সংশ্লিষ্টাতার অভিযোগও ছিল।

“পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে। এছাড়া মসজিদে এতো জিহাদি বই কীভাবে এলো সেটা জানতে মসজিদের ইমামকেও আটক করা হয়েছে।”