ছাত্রীকে হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে বিদ্যালয় থেকে এস এম হাসানুর রহমান জুয়েলকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
হাসানুর রহমান জুয়েল বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী ক্রীড়া শিক্ষক ও বাগেরহাট শহরের লিচুতলা এলাকার বাসিন্দা।
যৌন হয়রানির অভিযোগে ওই স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক হাসানুরের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান বলেন, শনিবার সকালে ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে হাসানুর রহমান পাশের একটি কক্ষে ডেকে নিয়ে যান। এসময় তিনি মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করেন।
“পরে ওই শিক্ষার্থী কক্ষ থেকে বেরিয়ে বিষয়টি তার অভিভাবকদের জানালে তারা পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পেয়ে শিক্ষক হাসানুর রহমানকে গ্রেপ্তার করে।”
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপকরঞ্জন বিশ্বাস বলেন, “আমরা মেয়েটির কাছ থেকে হাসানুর রহমান জুয়েলের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমরাও ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব।”
