সড়কের নামে পাহাড়ি পরিবারের ভূমি দখলের অভিযোগ
‘সড়ক নির্মাণের নামে জোরপূর্বক’ পাহাড়ি পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে খাগড়াছড়ি পৌর মেয়রের বিরুদ্ধে।
শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় পরিতোষ চাকমা।
লিখিত বক্তব্যে পরিতোষ অভিযোগ করেন, পৌর মেয়র রফিকুল আলম সড়ক নির্মাণের নামে জোরপূর্বক শহরের মিলনপুর এলাকায় তাদের পরিবারের আট শতক জায়গা দখল করে নিয়েছেন, যার আনুমানিক বাজার দর ৫০ লাখ টাকা।
এভাবে তিনি আরও অনেকেন জমি দখল করেছেন বলে অভিযোগ করেন পরিতোষ।
“এসব অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে নিজের ক্যাডার বাহিনী দিয়ে নির্যাতন করা হয়,” বলেন পরিতোষ।
এ সময় দখল করা জমির ক্ষতিপূরণ দাবি করেন পরিতোষ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পরিবারের সদস্য সন্তোষ কুমার চাকমা, রিনা চাকমা, ঝর্ণা চাকমা উপস্থিত ছিলেন।
