খুলনা-কলকাতা ট্রেন চলবে আগামী বছর: শ্রিংলা
আগামী বছরের শুরুতে খুলনা ও কলকাতার মধ্যে ট্রেন চলবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
শুক্রবার বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
শ্রিংলা বলেন, বেনাপোল-পেট্টাপোল সীমান্ত দিয়ে দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য যশোর জেলার গুরুত্ব অনেক বেশি। অসংখ্য মানুষ এ সীমান্ত দিয়ে যাতায়াত করে।
এজন্য খুলনা-কলকাতা রেলপথ দ্রুত চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বেলা ১১টার দিকে হাইকমিশনার সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সমস্যার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি বেনাপোল স্থলবন্দর ও পেট্রাপোল সীমান্তে স্থাপিত ‘সুসংহত চেকপোস্ট’ পরিদর্শন করেন। সেখানে কর্মকর্তাদের সঙ্গেও তিনি বৈঠকে মিলিত হন বলে মফিজুর রহমান জানান।
তিনি বলেন, প্রস্তাবিত কলকাতা-বেনাপোল-খুলনা সরাসরি রেল যোগাযোগ চালুর সম্ভাবতা যাচায়ের অংশ হিসেবে বেনাপোল রেলস্টেশনও পরিদর্শন করেন শ্রিংলা। পরে নড়াইলের উদ্দেশে বেনাপোল ত্যাগ করেন তিনি।
সকালে শ্রিংলা বেনাপোল বন্দর, আন্তর্জাতিক চেকপোস্ট, রেল স্টেশনসহ পেট্রাপোল সীমান্তে স্থাপিত ‘সুসংহত চেকপোস্ট’ ও পেট্রাপোল বন্দর পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি দিবাঞ্জান রায় ও দ্বিতীয় সচিব রাজেস উরকিও ছিলেন।
